বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত এ নির্দেশ দেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন সোনাক্ষী। তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা হয়। পরে এ ঘটনায় দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ নভেম্বর সকাল ১০টা ১১ মিনিটে দিল্লির শাহদারার জগৎপুরী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়। তবে দিল্লি থেকে নেওয়ার আগে তাঁকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়নি। বিষয়টি পর্যবেক্ষণ করে আদালত বলেন, পুলিশ বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই অভিযুক্তকে দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে। আরও পড়ুন,‘কাজ হারাতে চাইনি’, যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন অভিনেত্রীস্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করার সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি তদন্তকারী সংস্থা। শুনানিতে পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে জানায়, আপত্তিকর ছবি তৈরিতে ব্যবহৃত প্ল্যাটফর্ম বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তবে তাঁর আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে বাধ্যতামূলক নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও জানানো হয়নি। আদালত উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা অপরাধগুলোর সর্বোচ্চ শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড। এ ধরনের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৩৫(১)(বি) ধারা অনুযায়ী গ্রেপ্তারের প্রয়োজনীয়তা ও কারণ নথিভুক্ত করা বাধ্যতামূলক। নথিপত্রে এ শর্ত যথাযথভাবে পালনের প্রমাণ না পাওয়ায় আদালত গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করেন এবং আরিয়ান দীপক জৈনকে মুক্তির নির্দেশ দেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।