সেপ্টেম্বরে শেষ হবে একাদশের ভর্তি, মাসের শেষেই ক্লাস
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে তিন ধাপের পরিবর্তে এক ধাপেই ভর্তি আবেদন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগও থাকছে না।গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।গত কয়েক বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারত। তবে এবার প্রথম পর্যায়েই একবার আবেদন করার সুযোগ থাকবে। একবারই আবেদনের কারণে আগের মতো মাইগ্রেশনের সুযোগও থাকবে না।তবে পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনরায় আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া কোনো শিক্ষার্থী কলেজ না পেলে, আবেদন করেও নিশ্চায়ন না করলে কিংবা কোনো কারণে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়লে তারাও আবার আবেদন করতে পারবেন।প্রাথমিকভাবে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু এবং ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর প্রস্তাব করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সে অনুযায়ী ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাবও ছিল।তবে শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাবে সায় দেয়নি। আরও পড়ুন, ইয়াবা-গাঁজা-মদে ঝুঁকছেন নারীরা, বাড়ছে উদ্বেগনতুন পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইন আবেদন শুরু করে একই মাসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।পুনর্নিরীক্ষণের ফলের পর যারা নতুন করে আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদেরও আগামী ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা আকারে তা জারি করবে।তিনি বলেন, একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এজন্য ভর্তি কার্যক্রম ও ক্লাস এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।জানা গেছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তবে গত কয়েক বছর বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই প্রকাশের পর একাদশের ক্লাস শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর। এ বছর ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। তাই এবার আগের বছরের তুলনায় ভর্তি ও ক্লাস কার্যক্রম দ্রুত শেষ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।