সারা বিশ্ব তাকিয়ে আছে রাষ্ট্রপতি নির্বাচনের দিকে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। সারা বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনের সময় কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, ঐতিহাসিক এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং সব অংশীজনের সহযোগিতাও পাওয়া যাচ্ছে। আশা করি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, ১৯৯১ সালের পর প্রথমবারের মতো এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এটি তাঁর জন্য সৌভাগ্যের বিষয় বলেও মন্তব্য করেন সিইসি।রাষ্ট্রপতি নির্বাচনে প্রচার-প্রচারণার সুযোগ নেই জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনী স্থানে উপস্থিত হয়ে কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।আরও পড়ুন, তিন জেলার ডিসিকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তগত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদ সদস্যরাই ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ভোটার ৩৪৯ জন।আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা সরাসরি ভোটদান ও ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের ভোটদান সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণ শেষে ফলাফলও সরাসরি সম্প্রচার করা হবে।ভোট গণনা শেষে সংসদ ভবনের বৈঠককক্ষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন সিইসি। পরে একই দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।