দৈনিক সংবাদ দিগন্ত

কৃষকের ঘরের সন্তান আসিফ এখন সহকারী সিভিল জজ

প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের সন্তান শেখ আসিফ হোসেন। বাবা কৃষক, মা গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও স্বপ্ন দেখেছেন বড় হওয়ার, মানুষের সেবা করার। সেই স্বপ্নপূরণের পথে এবার বড় সাফল্য পেয়েছেন তিনি।  ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের কৃতী সন্তান শেখ আসিফ হোসেন। আসিফ হোসেনের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসছে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে দেশের বিচার বিভাগে কাজ করার সুযোগ পাওয়ায় তাঁকে ঘিরে গর্বিত পুরো বড় কাশিপুর।শেখ আসিফ হোসেনের বাবা শেখ জিল্লুর রহমান একজন কৃষক। মা ফরিদা খাতুন গৃহিণী। কৃষক পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠা আসিফ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিলেন মনোযোগী। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণাকে সঙ্গী করে তিনি এগিয়ে যান উচ্চশিক্ষার পথে। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশের পর সহকারী সিভিল জজ পদে তাঁর সুপারিশপ্রাপ্তির খবর এলাকায় পৌঁছালে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে নানা পোস্ট দিতে দেখা যায়।আড়ও পড়ুন,দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রীস্থানীয় বাসিন্দারা সংবাদ দিগন্তকে বলেন, বড় কাশিপুরের মতো প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসে শেখ আসিফ হোসেনের এই অর্জন নিঃসন্দেহে গর্বের। তাঁর সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আসিফের পরিবারও তাঁর এই অর্জনে আনন্দিত। স্বজনরা সংবাদ দিগন্তকে জানান, তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবে এই সাফল্য এসেছে। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও মানবিক বিচারক হিসেবে তিনি মানুষের আস্থা অর্জন করবেন—এমন প্রত্যাশা তাঁদের। শেখ আসিফ হোসেনের বিজেএস পরীক্ষায় সাফল্যে শুধু তাঁর পরিবার নয়, আনন্দিত পুরো তালা উপজেলার মানুষ। প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের এই সন্তান তাঁর মেধা, শ্রম ও সততার মাধ্যমে বিচারাঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন—এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।

কৃষকের ঘরের সন্তান আসিফ এখন সহকারী সিভিল জজ