দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপির জন্য পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর নির্মাণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। খিলগাঁওয়ের বর্তমান সদর দপ্তরের জায়গা অপরিসর হওয়া এবং যাতায়াতের সীমাবদ্ধতা দূর করতে নতুন স্থানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে।আরও পড়ুন, বিদেশে কর্মসংস্থান বাড়ছে, পিছিয়ে দক্ষতা উন্নয়ন নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের বৃহৎ বাহিনী হিসেবে কাজ করছে।কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ডরমেটরি ও ব্যারাক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরেও অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হচ্ছে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে তাদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার নয়, বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যানজট কমাতে পুরো রাস্তা একসঙ্গে না কেটে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।