ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে কমিটির প্রধান করা হয়েছে।এদিকে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার জানিয়েছেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।তার দেওয়া তথ্য অনুযায়ী, চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজন জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আর একজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি।তবে নিহতদের স্বজনদের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নতুন ভবনের পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিতেই তালা দেওয়া ছিল। ফলে রোগী ও স্বজনদের একটি সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামতে হয়। এতে আতঙ্ক ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।আরও পড়ুন, ঘুমন্ত বাবাকে তুলে নিয়ে হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ডনিহত রমজান আলীর ভাই সাইফুল ইসলাম অভিযোগ করেছেন, তার ভাই হৃদরোগী ছিলেন এবং চারতলা থেকে একটি সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মারা যান।অন্যদিকে নিহত কুলসুমার স্বজনদের দাবি, আগুন ও ধোঁয়ার মধ্যে ষষ্ঠ তলা থেকে নামার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত শাহাজাহান মনিরের স্বজনদেরও দাবি, একটি সিঁড়ি দিয়ে নামার সময় মানুষের ভিড়ে পড়ে গিয়ে পদদলিত হয়ে তার মৃত্যু হয়েছে।তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে চারটি সিঁড়ি বন্ধ রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের পর সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে লিফটের কন্ট্রোল বোর্ড ও বিদ্যুৎ সরবরাহের অংশে আগুনের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত হয়ে লিফটের ক্যাবলের মাধ্যমে ওপর থেকে নিচে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হতাহতের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।