দৈনিক সংবাদ দিগন্ত

টাকার ব্যাগ নিয়ে টানাটানি, গুলি ছুড়ে পালাল ছয় ছিনতাইকারী

যশোরের কেশবপুরে মাছ বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে একটি সশস্ত্র ছিনতাইকারী দল। তবে বুদ্ধিমত্তার কারণে টাকা রক্ষা পেয়েছে। ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে টাকার ব্যাগ পাশের মাছের ঘেরে ফেলে দেন মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ।শুক্রবার (২১ আগস্ট) রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।ঘটনাটি ঘটে কেশবপুর উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায়। পরে রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সত্যজিৎ দেবনাথ।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যকুল গ্রামের রানা মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল মাছ বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা।মধ্যকুল গুটলেতলা এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন ব্যক্তি তার পথরোধ করে।আরও পড়ুন, কসবায় নিখোঁজের ২দিন পর ডোবায় মিললো বৃদ্ধের লাশ পরে তারা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে সত্যজিৎ কৌশলে ব্যাগটি পাশের মাছের ঘেরের পানিতে ছুড়ে দেন।সত্যজিৎ দেবনাথ জানান, মাছ বিক্রির টাকা নিয়ে কেশবপুরে মাছের খাদ্যের মূল্য পরিশোধ করতে যাচ্ছিলেন তিনি। ছিনতাইকারীরা টাকা নেওয়ার চেষ্টা করলে তিনি ব্যাগটি পানিতে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, তিনি ভ্যানে করে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে চিৎকার শুনতে পান। কিছুক্ষণ পর পরপর দুইবার গুলির শব্দ শুনেছেন বলেও জানান তিনি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

টাকার ব্যাগ নিয়ে টানাটানি, গুলি ছুড়ে পালাল ছয় ছিনতাইকারী