দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষার্থীদের সহায়তায় সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আর্থিক সংকটের কারণে মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে পাঁচ বছরে ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে হাজী আলমগীর ফাউন্ডেশন। এ অর্থ সমমনা প্ল্যাটফর্মের শিক্ষা সহায়তা তহবিলে প্রতিবছর ৫ লাখ টাকা করে প্রদান করা হবে। এর মাধ্যমে সমাজের অসচ্ছল, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে গত ৬ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনের বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে হাজী আলমগীর ফাউন্ডেশন ও সমমনা প্ল্যাটফর্মের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে হাজী আলমগীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন প্রথম বছরের জন্য নির্ধারিত ৫ লাখ টাকার অনুদানের চেক সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদ, আহ্বায়ক কমিটি ও জ্যেষ্ঠ সদস্যদের কাছে হস্তান্তর করেন।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা শেখ মো. বিল্লাল হোসেন, তানজিনা ইসমাইল মায়া, প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম ও অধ্যাপিকা ড. শায়লা নাসরিন উপস্থিত ছিলেন।আরও পড়ুন, সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনএ ছাড়া সমমনা প্ল্যাটফর্মের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুল আলম পনির, সদস্য সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মো. কামরুজ্জামান, অধ্যাপক মশিউর রহমান, মোহাম্মদ সোলায়মান ও পীর মোহাম্মদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা জজ আনিসুর রহমান। সমমনা প্ল্যাটফর্মের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে ছিলেন মো. আব্দুল করিম, মো. মনিরুজ্জামান ভূঁইয়া লিটন, মো. সিদ্দিকুজ্জামান ও মাহবুব আলম আলমগীর।সমঝোতা অনুযায়ী, সমমনা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন এলাকার আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে। শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মেধা, পড়াশোনার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।তহবিলের অর্থ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ কেনা, ভর্তি ও পরীক্ষার ফি এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ব্যয় নির্বাহে সহায়তা দেওয়া হবে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।আরও পড়ুন, সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনসমমনা প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ওই অনুষ্ঠানে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও আর্থিক সহায়তা বিতরণ করা হবে। পরবর্তী বছরগুলোতেও ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালনা করা হবে। উদ্যোক্তারা মনে করেন, অর্থনৈতিক অসচ্ছলতা কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা বিকাশের পথে বাধা হওয়া উচিত নয়। সময়মতো আর্থিক সহযোগিতা পেলে অনেক শিক্ষার্থীই তাদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। এ উদ্যোগের মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, শিক্ষিত ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।হাজী আলমগীর ফাউন্ডেশন ও সমমনা প্ল্যাটফর্মের এ যৌথ উদ্যোগ অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সেই লক্ষ্য বাস্তবায়নে এ শিক্ষা সহায়তা তহবিল কার্যকর ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের সহায়তায় সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত