রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে পড়ে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে সবুজবাগের উত্তর বাসাবোর একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক এসআই আজিজুল হক ভুইয়া। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে, যার একটি সিগারেটে গাঁজা পাওয়া গেছে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, টিপু মোল্লা ওই ভবনের লিফটের ফাঁকা স্থানের ওপর থেকে নিচে পড়ে যেতে পারেন। তবে তাকে কেউ ইচ্ছাকৃতভাবে নিচে ফেলে দিয়ে হত্যা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।উপপরিদর্শক আজিজুল হক ভুইয়া আরও জানান, রবিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।নিহত টিপু মোল্লা সবুজবাগের উত্তর বাসাবোর বাসিন্দা। তিনি ইয়াদ আলী মোল্লার ছেলে। তার স্ত্রীর নাম মিনু আক্তার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।