তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবও করা হয়েছে। তবে নতুন মজুরি কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে প্রস্তাবের বিষয়টি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন। সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।আরও পড়ুন, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ১২টি মানদণ্ড বিবেচনায় নেওয়ার আহ্বানমালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন জানান, শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রমে মালিকদের বেশি সময় দিতে হচ্ছে। মজুরি প্রস্তাব তৈরির জন্য তাঁরা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সম্মতিতে চার কার্যদিবস সময় পেয়েছেন। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলেও মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, চলতি সপ্তাহে বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের পোশাক কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্য রয়েছে। কাঠামোটি ডিসেম্বর থেকেই কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পেতে পারেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।