শিশু অধিকার রক্ষা, শিক্ষার প্রসার, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭)। সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এই দুই শিক্ষার্থী গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলের শিশুদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশু-কিশোরদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। শিশুদের অধিকার ও সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারটি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত।সুদীপ্ত ও মুশফিকের কাজের অন্যতম ক্ষেত্র বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা প্রতিরোধ। এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে তারা স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশু অধিকার নিয়ে সচেতনতা তৈরির কাজও করছেন।তাদের উদ্যোগে কয়েকটি বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশুদের পড়াশোনা অব্যাহত রাখা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে পরিবারগুলোকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তার শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের উদ্যোগ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন নিরাপত্তা বিষয়েও তারা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছেন।ওয়েবিনার, ডিজিটাল ক্যাম্পেইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে শিশু অধিকারবিষয়ক নানা বার্তা ছড়িয়ে দিয়েছেন তারা। মাঠপর্যায়ে পরিচালিত কর্মশালাগুলোতে শিশু সুরক্ষা, শিক্ষার অধিকার, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক সমস্যাগুলোর বিষয়ে শিশু ও অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সুদীপ্ত দেবনাথ শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান। মুশফিক উর রহমান শহরের কলেজ রোডের মুনজিতপুর এলাকার বাসিন্দা এবং দৈনিক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও সুজনের জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল এবং বারছাতুন নেছা লাভলী দম্পতির বড় সন্তান।মনোনয়ন পাওয়ার অনুভূতি জানিয়ে সুদীপ্ত দেবনাথ সংবাদ দিগন্তকে বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও কাজ করতে চাই।’মুশফিক উর রহমান সংবাদ দিগন্তকে বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত হতে পেরে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ভবিষ্যতেও শিশুদের অধিকার নিয়ে আরও কাজ করতে চাই। এই মনোনয়ন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’সুদীপ্ত ও মুশফিকের মতে, শিশুদের অধিকার নিশ্চিত করতে শুধু নীতিগত উদ্যোগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত সচেতনতাও জরুরি। আর সেই লক্ষ্যেই ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।