বদলগাছীতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
নওগাঁর বদলগাছীতে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে।মঙ্গলবার সকাল থেকে বেলা পর্যন্ত উপজেলার ভান্ডারপুর এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, সোমবার সকালে এক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে পরিচালক তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভে নামেন। একপর্যায়ে আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসায় আগুন দেওয়া হয়। পরে ভান্ডারপুর বাজারের চার রাস্তার মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।আরও পড়ুন, শ্রীনগরে ইয়াবা জব্দে ধোঁয়াশা, স্থানীয়দের গুরুতর অভিযোগখবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।অভিযুক্ত শফিউল হাসান দিপুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ, বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।