দৈনিক সংবাদ দিগন্ত

নিরাপত্তা ও শান্তি নিশ্চিত না হলে বিকল্প নেতৃত্ব আসবে: শফিকুর রহমান

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে সক্ষম নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কথাও বলেন তিনি।রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে বলে তিনি মনে করেন। জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকার জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিরোধী পক্ষগুলোর ভালো উদ্যোগেও বাধা দিচ্ছে।আরও  পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচি ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপীবিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ প্রসঙ্গে জামায়াত আমির অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেন। তিনি বলেন, মেজর আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে নির্মম আচরণ করা হচ্ছে। একই সঙ্গে সরকারি অর্থের দুর্নীতি ও লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। ডেঙ্গুর বিস্তার রোধ ও মানুষের জীবন রক্ষায় দলটির পক্ষ থেকে মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে নিষ্ক্রিয় থাকলে জনগণ আন্দোলনের মাধ্যমে জবাব দেবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বিকল্প নেতৃত্বের বিষয়টি সামনে আসবে বলেও সতর্ক করেন তিনি।

নিরাপত্তা ও শান্তি নিশ্চিত না হলে বিকল্প নেতৃত্ব আসবে: শফিকুর রহমান