রেললাইন ডুবে বন্ধ কক্সবাজার রুট, চট্টগ্রাম স্টেশনে আটকা শত শত যাত্রী
টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের প্রভাবে বড় ধরনের বিঘ্ন ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগে। রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কক্সবাজারগামী ট্রেন চলাচল। এতে চট্টগ্রাম রেলস্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী।বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।এরই মধ্যে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছালেও কক্সবাজার যেতে পারেনি। পরে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে যায়।আরও পড়ুন,ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন আইন, অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডঅন্যদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসও চট্টগ্রাম স্টেশনে অপেক্ষা করছে। রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে।যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের পুরো অর্থ ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় একই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে পারবেন।বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।