সংবিধান নিয়ে আদালত ও সংসদের মধ্যে কোনো ধরনের লুকোচুরি জামায়াতে ইসলামী চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে অবহেলা করা হলে পুরোনো ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীতের রাজনীতিতে আর ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা আগের মতো দলীয়করণের পথে হাঁটছে। তাঁর মতে, শিক্ষাব্যবস্থায় দলীয়করণ একটি জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। ডা. শফিকুর রহমান আরও বলেন, একসময় মজলুম হিসেবে পরিচিত একটি দল অভ্যুত্থানের পর নিজেদের চরিত্র বদলে ফেলেছে। এ কারণে জনগণ দলটির ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না।আরও পড়ুন,সরকারের সঙ্গে সংলাপে এনসিপিকেও চায় জামায়াত সরকারপ্রধানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশ প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখতে চায়। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি। আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।