দৈনিক সংবাদ দিগন্ত

ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নষ্ট একটি লিফটে আগুন লাগার পর আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।সোমবার বিকেলে হাসপাতালের আটতলা নতুন ভবনের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে নষ্ট থাকা একটি লিফটে প্রথমে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন লিফটের ওপরের অংশে ছড়িয়ে পড়লে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আগুনের আতঙ্কে রোগী ও স্বজনরা সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে শুরু করেন। এ সময় হুড়োহুড়িতে হতাহতের ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।তবে মৃত্যুর সংখ্যা ও মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। গভীর রাতে প্রশাসন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও গোয়েন্দা সূত্র ছয়জনের মৃত্যুর কথা জানিয়েছে।আরও  পড়ুন, কক্সবাজারের মাতামুহুরিতে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে গুলি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৬ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির জানিয়েছেন, পাঁচজনের মৃত্যুর তথ্য তারা পেয়েছেন। তবে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মধ্যে দুজনের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে এবং তারা পদদলিত হয়ে মারা গেছেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।ডিআইজি জাহিদুল হাসানও জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্তাধীন। মৃত্যুর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করা হচ্ছে।এদিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে লিফটের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কোনো ওয়ার্ড বা রোগীর চিকিৎসা ব্যবস্থার সরাসরি ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু