দৈনিক সংবাদ দিগন্ত

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, নারী সদস্যসহ আহত ৫

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটককে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আটক দুই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় স্থানীয়দের একাংশ পুলিশের কাজে বাধা দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে এক নারী পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চালককে আমতলা এলাকায় পাঁচ ব্যক্তি আটক করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সংশ্লিষ্টদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) ও বড়বাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করেন। তবে অপর চারজন পালিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। আরও পড়ুন,গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারতাদের দাবি, বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হবে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা পুলিশের গাড়িতেও হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আটক দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় একদল লোক পুলিশের ওপর চড়াও হন। এতে সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও একজন নারী পুলিশ সদস্য আহত হন। আটক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অপর আটক ব্যক্তি অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল। স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, নারী সদস্যসহ আহত ৫