কলকাতার হাজরা মোড়ে র্যাপিডো ক্যাব থেকে নামতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি ঘটনার বর্ণনা দেন।সম্পিতার দাবি, হাজরা মোড়ের বসুশ্রী সিনেমা হলের সামনে থেকে তিনি র্যাপিডোর একটি ক্যাব বুক করেন। শুরুতে তার গন্তব্য ছিল পার্ক স্ট্রিট। পরে অ্যাপের মাধ্যমে গন্তব্য পরিবর্তন করে দমদম করা হয়। তবে গাড়িতে ওঠার পর চালকের আচরণে অস্বস্তি বোধ করায় রবীন্দ্র সরোবরের কাছে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন অভিনেত্রী।তার ভাষ্য অনুযায়ী, কয়েকবার অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামানো হয়। এরপর যাত্রার ভাড়া নিয়ে চালকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। সম্পিতা জানান, তিনি দমদম পর্যন্ত না যাওয়ায় যতটুকু পথ এসেছেন, সেই অনুযায়ী ভাড়া দিতে চেয়েছিলেন। তবে চালক অ্যাপে দেখানো পুরো ভাড়া দাবি করেন বলে অভিযোগ তার।আরও পড়ুন, দেবের ‘দেশু ৭’ ট্রেলার নিয়ে নেতিবাচক প্রচারের অভিযোগঅভিনেত্রীর অভিযোগ, ভারী ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময় চালক হঠাৎ গাড়ি চালিয়ে দেন। এতে তিনি ভারসাম্য হারিয়ে গাড়ির সঙ্গে কিছুটা পথ টেনে নিয়ে যান। তার দাবি, সামান্য এদিক-ওদিক হলেই গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত।সম্পিতা আরও জানান, ওই সময় রাস্তায় পড়ে গেলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা ছিল। ভারী ব্যাগ হাতে থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলেও দাবি করেন তিনি।ঘটনার বিষয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করবেন বলে লাইভে জানান অভিনেত্রী। পাশাপাশি ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট ক্যাবচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।তবে ঘটনার বিষয়ে ক্যাবচালক বা সংশ্লিষ্ট পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।