দীর্ঘ প্রায় দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে একটি কাভার্ড ভ্যানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বন্দর থানাধীন মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে মালিবাগ এলাকায় প্রাণ-আরএফএল বেস্ট ডিপোর সামনে ঢাকা অভিমুখী সড়কে খুলনা মেট্রো-চ-১১-১২৯৪ নম্বর কাভার্ড ভ্যানে আগুনের সূত্রপাত হয়। গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রাসায়নিক বহন করছিল।পথে গাড়িটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়ির চালক ও হেলপার নিরাপদে রয়েছেন।আরও পড়ুন : গোলাপগঞ্জে উপ জেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিতসোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী জানান, গাড়ির ইঞ্জিনে আগুন লাগলেও ভেতরে থাকা কেমিক্যাল বা এসিডে আগুন লাগেনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।এদিকে, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক অপসারণ কার্যক্রম শুরুর পরপরই এমন ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠেছে। প্রায় দুই দশক ধরে বন্দরে পড়ে থাকা এসব রাসায়নিক ধ্বংসের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।শনিবার দুপুরে প্রথম ধাপে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় নয়টি কনটেইনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে পাঠানো হয়। এসব কনটেইনারে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি চালান, মিথানলের পাঁচটি কনটেইনার এবং থিনারের দুটি কনটেইনার রয়েছে।অগ্নিকাণ্ডের পর হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি হেফাজতে নিয়েছে। রাসায়নিকগুলো অক্ষত থাকায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।