রাজনৈতিক হামলার অভিযোগে উত্তাল পতেঙ্গা অতঃপর যুবলীগ কর্মী এনাম গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দুই রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনাম নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশের একটি দল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন সন্ধ্যায় এনসিপির পতেঙ্গা থানার সংগঠক সাদাত সায়েমের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরদিন ২৭ জুন দুপুরে পতেঙ্গা থানা কৃষক দলের আহ্বায়ক নাসিরের ওপরও অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। অল্প সময়ের ব্যবধানে স্থানীয় দুই রাজনৈতিক নেতার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।আরও পড়ুন, মণিরামপুরে নিউ ব্রিকস ইটভাটা নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মানববন্ধনপতেঙ্গা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এনামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ আরও জানায়, এলাকায় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হামলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।