গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তরবঙ্গ রুটের রেললাইনের পূর্ব পাশে এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।পুলিশ জানায়, পিবিআইয়ের সহায়তায় মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি হলেন মোঃ খলিলুর রহমান (৪৬)। তার পিতা মোঃ ইউনুস বারী, মাতা মোছাঃ সুফিয়া বেগম। বাড়ি পটুয়াখালীর বাউফল থানার ভরিপাশা গ্রামে।আরও পড়ুন, ঝিনাইদহে শিশু সাইমা হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ডজয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন জানান, স্টেশনের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ খলিলুর রহমানকে বেশ কিছুদিন ধরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে মাঝখানে কয়েকদিন তাকে স্টেশনে দেখা যায়নি। মঙ্গলবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।তিনি আরও বলেন, ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন কি না, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।মরদেহটি বর্তমানে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।