আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। রোববার ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। এর আগে গত ২৬ নভেম্বর তৃতীয় দিনের সমাপনী বক্তব্যে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল তার বক্তব্যে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানান। একইসঙ্গে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেন তিনি। এদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। আরও পড়ুন,মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। গত ২৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদীর মোহনা এবং সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের আড়ালে আরও শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৮ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া। এ মামলায় অভিযোগ প্রমাণিত হবে কি না এবং আসামিপক্ষের যুক্তিতর্কে কী উঠে আসে, তা নিয়ে এখন নজর রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।