রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, আসছে ‘কনজেশন চার্জ’
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগের কথা ভাবছে সরকার। প্রস্তাব করা হয়েছে ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক, যেখানে নির্দিষ্ট সড়কে চলাচলকারী যানবাহনের কাছ থেকে প্রতি কিলোমিটারে ৬ টাকা ২৭ পয়সা হারে শুল্ক আদায়ের সুপারিশ করা হয়েছে।২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা—ইউআরএসটিপির খসড়ায় এ প্রস্তাব রাখা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর সব সড়কে নয়; মূলত মেট্রোরেল, বিআরটি এবং উন্নত বাসসেবা চালু থাকা করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে।আরও পড়ুন, চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট তবে পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এই ব্যবস্থা কার্যকর করা উচিত।বিশ্বব্যাংক ও বুয়েটের গবেষণা অনুযায়ী, ঢাকায় যানবাহনের গড় গতি গত দেড় দশকে ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে নেমে এসেছে। প্রতিদিন যানজটের কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। এ পরিস্থিতি মোকাবিলায় যানজট শুল্ক আদায়ে আরএফআইডি প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। নির্ধারিত সড়কে রিডার বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক আদায় করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।