দৈনিক সংবাদ দিগন্ত

মুস্তাফিজকে পেয়ে খুশি মেলবোর্ন কোচ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন তিনি। দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি এই পেসারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। এখন পর্যন্ত ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর শিকার ৪২৩ উইকেট। তবে দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। মেলবোর্ন রেনেগেডসে সতীর্থ হিসেবে মুস্তাফিজ পাচ্ছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে। নতুন দলে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের এই পেসার।আরও পড়ুন,এনপিএলে বাংলাদেশের ১০ ক্রিকেটারের পারফরম্যান্স ক্লাবের বিবৃতিতে মুস্তাফিজ বলেন, প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে তিনি মুখিয়ে আছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে (এমসিজি) নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াকে বিশেষ অভিজ্ঞতা হিসেবেও উল্লেখ করেন তিনি। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মুস্তাফিজ। তবে টুর্নামেন্টের শুরু থেকেই খেলতে পারবেন না তিনি। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে মেলবোর্নের প্রথম ম্যাচে তাঁর খেলা হচ্ছে না। সূচি অনুযায়ী, ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে তাঁর খেলার কথা রয়েছে। দলের কোচ লুক রনকিও মুস্তাফিজকে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাওয়ার প্লে ও ডেথ ওভারে তাঁর উইকেট নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করেন তিনি।

 মুস্তাফিজকে পেয়ে খুশি মেলবোর্ন কোচ