দৈনিক সংবাদ দিগন্ত

টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া এই তারকা এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে শনিবার (২৮ নভেম্বর) মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টটিই হবে মুশফিকের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিসিবি সভাপতি জানান, কয়েক দিন আগেই মুশফিক ফোন করে তাঁকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে।আরও পড়ুন, সিমন্স অধ্যায়ের ইতি টানতে পারে বিসিবিতামিম ইকবাল বলেন, মুশফিককে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের মুখে অবসরের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা না দেওয়ার অনুরোধও করেছিলেন। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের দীর্ঘ অবদানের কথা বিবেচনায় নিয়ে তাঁর বিদায় যথাযথভাবে আয়োজন করতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। তবে মুশফিকের অনুরোধেই তাঁকে অবসরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হচ্ছে। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটারও মুশফিক। টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ৭ হাজার ৬২ রান করার কৃতিত্ব রয়েছে তাঁর। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুশফিকের বিদায়ী ম্যাচ ঘিরে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মিরপুরের শেষ টেস্টে ব্যাট হাতে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন মুশফিক