দৈনিক সংবাদ দিগন্ত

রুনা লায়লার প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শক

ছয় দশকের সংগীতজীবন। তবুও কণ্ঠের মাধুর্য কিংবা পরিবেশনার প্রাণবন্ততায় এতটুকু ভাটা পড়েনি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। তার এমন অসাধারণ পরিবেশনা কাছ থেকে উপভোগ করার পাশাপাশি একই মঞ্চে সময় কাটানোর বিরল অভিজ্ঞতা হয়েছে অভিনেতা তারিক আনাম খানের। গত শুক্রবারের সেই বিশেষ সন্ধ্যার স্মৃতিচারণ করে সোমবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা। সেখানে তারিক আনাম খান জানান, জীবনে কখনো রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো, কথা বলা কিংবা তাকে প্রশ্ন করার সুযোগ পাবেন, তা ভাবেননি তিনি। উপমহাদেশজুড়ে অসংখ্য মানুষের মতো তিনিও রুনা লায়লার গানের ভক্ত। তবে শুধু সংগীতপ্রতিভা নয়, শিল্পীর রসবোধ ও উপস্থিত বুদ্ধিরও বড় ভক্ত তিনি। অনুষ্ঠানের আগেই রুনা লায়লাকে নিজের এই প্রত্যাশার কথা জানিয়েছিলেন তারিক আনাম। আরও পড়ুন,যে হীরার হার সামলাতে নিয়োজিত চার নিরাপত্তাকর্মীবলেছিলেন, মঞ্চে তিনি যেন তার মজার কথাগুলো শোনান। অভিনেতার সেই প্রত্যাশাও পূরণ করেছেন কিংবদন্তি এই শিল্পী। গান ও জীবনের নানা গল্প শোনানোর পাশাপাশি নিজের অসাধারণ রসবোধ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। শুধু তাই নয়, মঞ্চে তারিক আনাম খানকে নাচও শিখিয়েছেন রুনা লায়লা। ফেসবুক পোস্টে রুনা লায়লার প্রশংসা করে তারিক আনাম লেখেন, গানে তিনি আজও অনবদ্য, তার রসবোধও অসাধারণ। ছয় দশক ধরে গান গেয়ে চললেও এখনো ক্লান্তিহীন এই শিল্পী। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। প্রিয় শিল্পীর এমন প্রাণবন্ত পরিবেশনা এবং তার সঙ্গে একই মঞ্চে সময় কাটানোর অভিজ্ঞতাকে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তারিক আনাম খান। পোস্টের শেষে রুনা লায়লাকে সালাম জানিয়ে আরও ছয় দশক এমনভাবেই সংগীতের সঙ্গে কাটানোর শুভকামনা জানিয়েছেন অভিনেতা।

রুনা লায়লার প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শক