দৈনিক সংবাদ দিগন্ত

ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ড, শ্বাসনালি ক্ষতিগ্রস্ত বহু শিক্ষার্থীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৮ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন দগ্ধ হয়েছে। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালির ক্ষতির শিকার হয়েছে শিক্ষার্থীরা। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ডের ভুঁইঘর এলাকার শান্তিধারায় অবস্থিত মাদরাসাটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে মাদরাসার দ্বিতীয় তলায় থাকা প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিসকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।আরও পড়ুন,বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু, তদন্তে পুলিশ ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, আগুনে দগ্ধ শিক্ষার্থীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ওই ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ৪৮ শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) আশঙ্কাজনক অবস্থায় থাকায় আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আগুনের পর মুহূর্তেই ভবনের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বের হওয়ার সময় হুড়োহুড়ি এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ার কারণে অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ড, শ্বাসনালি ক্ষতিগ্রস্ত বহু শিক্ষার্থীর