দৈনিক সংবাদ দিগন্ত

ইয়াবার ভয়াবহ বিস্তার ছয় মাসেই জব্দ ৩ কোটি

দেশে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও জব্দের পরিসংখ্যানেই উঠে আসছে মাদক সরবরাহের বড় চিত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিভিন্ন অভিযানে ৪ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৮১১ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে জব্দ হয়েছিল ২ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৭৫১ পিস। অর্থাৎ এক বছরের ব্যবধানে জব্দের পরিমাণ প্রায় ৯০ শতাংশ বেড়েছে।চলতি বছরের প্রথম ছয় মাসেও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হয়েছে। ডিএনসির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৩৩৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। দৈনিক হিসাবে যা গড়ে ১ লাখ ৬৯ হাজারের বেশি পিস। গত বছরের গড়ের সঙ্গে তুলনা করলে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিদিন প্রায় ৫০ হাজার পিস বেশি ইয়াবা জব্দ হয়েছে।অপরাধ ও সমাজ বিশ্লেষকদের মতে, জব্দ হওয়া মাদকের পরিমাণকে দেশে মোট পাচারের পূর্ণ চিত্র হিসেবে দেখা যায় না। কত চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে, তার নির্ভরযোগ্য জাতীয় হিসাব না থাকলেও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা সরবরাহব্যবস্থার বিস্তৃতি নিয়ে উদ্বেগ তৈরি করছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে মাদক কারবারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে। শিক্ষার্থী থেকে শুরু করে পরিবহনকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতায় আটকের ঘটনা ঘটছে।আরও  পড়ুন, আজ আকাশে দেখা যাবে ‘হারভেস্ট মুন’সম্প্রতি কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল ‘দোলনচাঁপা’ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা (২১) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। একই সময়ে কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বিজিবির অভিযানে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. এরফান নামে একজনকে আটক করা হয়।কক্সবাজারের টেকনাফ সীমান্ত ও নাফ নদকে ইয়াবা পাচারের অন্যতম প্রবেশপথ হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে সীমান্ত, উপকূলীয় এলাকা ও দুর্গম পথ ব্যবহার করে ইয়াবা পাচারের তথ্য সামনে আসে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে বিভিন্ন কৌশল ব্যবহার করছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি শরীরে, জুতা ও বিভিন্ন পণ্যের ভেতর ইয়াবা লুকিয়ে পরিবহনের ঘটনাও ধরা পড়ছে।ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক প্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।মাদকাসক্তির কারণে পারিবারিক সহিংসতার ঘটনাও সামনে আসছে। সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মা ও বোনকে মারধরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগে ফুল মিয়া (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশ।ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মাদক সেবনের কারণে ফুল মিয়া পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া ও মারধর করতেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

ইয়াবার ভয়াবহ বিস্তার ছয় মাসেই জব্দ ৩ কোটি