জনগণের প্রত্যাশা অনুযায়ী মাজারে নতুন ব্যবস্থাপনা কাঠামো: আরিফুল হক
মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মাজারের ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে।বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী ব্যবহার করায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত, শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।তিনি বলেন, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রবাসীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।মালয়েশিয়া সফর প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আরো পড়ুন , চট্টগ্রামের খাল দখলমুক্তে কঠোর অবস্থানে চসিকআগামী জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।এছাড়া কাতারে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান মন্ত্রী।পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।