ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচির অংশ হিসেবে কলেজটিতে বৃক্ষরোপণের আয়োজন করা হয়।কর্মসূচির একপর্যায়ে প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে কথা বলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বিষয়টিও গুরুত্ব পায়।আরও পড়ুন, মিষ্টির পদত্যাগ নিয়ে স্পিকারের জরুরি সংবাদ সম্মেলনএর আগে বৃহস্পতিবার দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের বিভিন্ন কাজ রয়েছে।পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যান। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণের পর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কর্মসূচি রয়েছে।প্রধানমন্ত্রীর ফেনী সফরে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমও রয়েছে বলে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।