সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, কর্মক্ষম থাকা অবস্থায় একজন নাগরিক নিয়মিত অবদান রাখবেন এবং জীবনের পরবর্তী সময়ে সেই সঞ্চয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন। এটি একটি সুদূরপ্রসারী ও পরিকল্পিত সামাজিক বিনিয়োগ।তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে অধিকাংশ চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষের কর্মজীবন শেষে পেনশনসহ ভবিষ্যৎ নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা নেই। বেসরকারি প্রতিষ্ঠানের কিছু ক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠান যৌথভাবে অংশগ্রহণ করলেও রাষ্ট্রীয়ভাবে সর্বজনীন পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।তিনি আরও বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিম রয়েছে। যার জন্য যে স্কিম প্রযোজ্য, তিনি সে অনুযায়ী স্কিম বেছে নিতে পারবেন। এর মাধ্যমে নিজের পাশাপাশি পরিবারের ভবিষ্যৎও নিরাপদ করার সুযোগ রয়েছে।আরও পড়ুন, নোয়াখালীর সুন্দলপুর-৪ কূপে মিলেছে গ্যাসপ্রতিমন্ত্রী সর্বস্তরের মানুষকে নিজেদের পরিবার-পরিজন ও সহকর্মীদের সরকারি পেনশন স্কিমের আওতায় সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও জাতীয় পেনশন স্কিমের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এর আগে সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।