জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা: এসএসএফকে প্রধানমন্ত্রী
সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই সবচেয়ে বেশি নির্ভর করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সে বিষয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির বিস্তার, ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে সাহস, দক্ষতা ও আধুনিক প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে।আরও পড়ুন, আদালতের সমন অমান্য: সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারেতিনি স্মরণ করেন, তরুণ বয়স থেকেই এসএসএফের কার্যক্রমের সঙ্গে তার পরিচয় রয়েছে। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার জানাজা আয়োজনেও বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।তারেক রহমান বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন এবং নিরাপত্তা ব্যবস্থায় সমন্বয়, পেশাদারিত্ব ও চেইন অব কমান্ড মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে এসএসএফ ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।