মাদকের ভয়ংকর বিস্তার, সবচেয়ে বড় ঝুঁকিতে শিক্ষার্থী ও তরুণরা
দেশে মাদকের বিস্তার ও অনলাইন জুয়ার প্রসার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে মাদকের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইয়াবাসহ কোনো মাদক যেন দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মাদকের সহজলভ্যতা তরুণদের আসক্তির ঝুঁকি বাড়াচ্ছে।আরও পড়ুন, দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, চিকিৎসার জন্য আসা মাদকাসক্তদের বড় অংশই ইয়াবাসক্ত, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। তিনি মনে করেন, মাদক একটি পরিবারের সামাজিক ও মানসিক কাঠামোকে ভেঙে দিতে পারে।ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ ও র্যাব। তাদের দাবি, তালিকাভুক্ত মাদক কারবারি, ডিলার ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের বিস্তার রোধ করা কঠিন হবে।