দৈনিক সংবাদ দিগন্ত

আজকের শুনানিতে কী ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আজ সোমবার ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে তার। এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি তিনি। তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করা হলে আদালত আবেদন বিবেচনায় নিয়ে নতুন তারিখ হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করেন। আরও পড়ুন,সাকা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণে ট্রাইব্যুনালের পুরোনো মন্তব্যজানা গেছে, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন। এখন ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার বক্তব্যের পক্ষে কী ব্যাখ্যা দেন এবং এ বিষয়ে বিচারিক প্যানেল কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আজকের শুনানিতে কী ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ