রাজধানীর উত্তর শাহজাহানপুরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচতলা একটি ভবনের ছাদের টিনশেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ফখরুল হাসান ফরহাদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন ও বোনজামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আরও পড়ুন, মাদকের অভিযানে ডেমরায় ৯৪ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনিহত ফখরুল হাসান ফরহাদ উত্তর শাহজাহানপুর এলাকার মৃত নুর মোহাম্মদ ও মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি বেকার ছিলেন। তার স্ত্রী সাদিয়া আক্তার সন্ধ্যা একটি পাঞ্জাবি কারখানায় কাজ করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। পরে বাসায় ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।নিহতের আত্মীয় আরমিনা অভিযোগ করেন, ফখরুলকে তার বোন নিপা ও বোনজামাই সুজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তার দাবি, যে বাসায় ফখরুল থাকতেন সেটি তার নানাবাড়ি থেকে পাওয়া সম্পত্তি। ফখরুলের কোনো সন্তান না থাকায় সম্পত্তি নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। সম্পত্তির বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি অভিযোগ করেন।তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পুলিশ ঘটনাটির কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।