নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। এসব বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসির কাছে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, বাসগুলো কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার কথা রয়েছে। এরপর অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। জানা গেছে, প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।আরও পড়ুন, অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদিরএদিকে নারী যাত্রীদের সঙ্গে থাকা পুরুষ স্বজনদের যাতায়াতের বিষয়টিও বিবেচনায় নিচ্ছে বিআরটিসি। সংস্থাটির চেয়ারম্যান জানান, অনেক নারী যাত্রীর সঙ্গে স্বামী, ভাই কিংবা সন্তান থাকেন। কিন্তু বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় পুরুষ স্বজনেরা চলাচলের সুযোগ পাচ্ছেন না। এতে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে। এ সমস্যা সমাধানে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি। পাশাপাশি নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনাও রয়েছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।