দৈনিক সংবাদ দিগন্ত

রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে আজ শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম ও পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও মতামত নেওয়া হবে।এ ছাড়া আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হতে পারে।আরও  পড়ুন, জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার সফরের প্রস্তুতি এবং বিভিন্ন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বৈঠক ও কর্মসূচির বিষয়ও দলের নীতিনির্ধারকদের আলোচনায় আসতে পারে।এর আগে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।আজকের বৈঠক শেষে আলোচনার বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়