নিম্নতম মজুরি বোর্ডের সভা চলার মধ্যেই রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে কয়েকজন শ্রমিক ভবনের ভেতরে ঢুকে ১৩ তলায় মজুরি বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন। ভবনের নিচেও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ চলতে থাকে।সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার কিছু আগে সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা শুরু হয়। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছিল। বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব ও আনোয়ার হোসাইন। এ ছাড়া পোশাক মালিকদের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সভায় অংশ নেন। বেলা ৩টার দিকে সভা থেকে বেরিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করেন। আরও পড়ুন,দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যানতৈরি পোশাক খাতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন। পরে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে ওই সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চলে আবারও অসন্তোষ দেখা দেয়। স্থগিত হওয়া সভাটিই সোমবার অনুষ্ঠিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।