নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। জনগণ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে। প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়। রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনে জনগণের দেওয়া রায় অনুযায়ী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে। নির্বাচনে যে ইশতেহারের পক্ষে জনগণ ভোট দিয়েছেন, সেটি এখন জনগণের দলিল। তা বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের কর্মস্থল ও দায়িত্বের ধরন ভিন্ন হলেও তাদের প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। আরও পড়ুন, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগনাগরিক সেবায় মানবিকতার উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে ফিরিয়ে না দিয়ে সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দিতে হবে। পাশাপাশি কোথায় গিয়ে তা সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিতে হবে। এটাই মানবিকতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা এবং সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। কোনো সরকারি পদই কারও জন্য চিরস্থায়ী নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।