সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে নিহত ৮ শ্রমিক
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে আট শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়। পরে ঘটনাস্থল থেকে আরও দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে।নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সানি জলদাস, পলাশ জলদাস এবং দুই সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিন। সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।আরও পড়ুন, ভাঙ্গা সুইচগেটের কারণে ভাঙ্গনের হুমকিতে বসতবাড়ি, আতঙ্কে অর্ধশত পরিবারস্থানীয় জেলেরা জানিয়েছেন, সকালে কারখানার ভেতর থেকে তীব্র গ্যাস বের হতে দেখা যায়। গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে তারা কারখানার পাশের খালে প্রবেশ করতে পারেননি। পরে কারখানার ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কারখানায় ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানিয়েছে, যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি বহনকারী জাহাজ ছিল। এ ধরনের জাহাজ কাটার আগে ট্যাংক সম্পূর্ণ গ্যাসমুক্ত করা বাধ্যতামূলক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংক গ্যাসমুক্ত না করেই কাটার কাজ শুরু হওয়ায় বিষাক্ত গ্যাসে শ্রমিকরা আক্রান্ত হন।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দেশের জাহাজভাঙা শিল্পে।