উজানের ঢল ও বৃষ্টিতে ফুলেফেঁপে উঠছে তিস্তা, আতঙ্কে নদীপাড়ের মানুষ
উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ৯টায় পানি ছিল বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আরও পড়ুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কড়াকড়ি নিরাপত্তা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অন্তত ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।পানি বৃদ্ধির ফলে তিস্তা তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলের বাদামক্ষেত, ধানের বীজতলা, মিষ্টিকুমড়াসহ নানা ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।স্থানীয় কৃষকরা বলছেন, টানা বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চলতি মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, পানিবন্দি পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা পাওয়ার পর দ্রুত শুকনো খাবার বিতরণ করা হবে।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা করছেন, টানা বর্ষণ অব্যাহত থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার পানি আরও বৃদ্ধি পেতে পারে।