লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, বিক্ষোভ-হাতাহাতিতে আটক ৩
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ।সোমবার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভ শুরু করেন প্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নেন।আরও পড়ুন , সংসদে উত্তপ্ত পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য ঘিরে তীব্র বিতর্কএকপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে কঠোর পুলিশি পাহারায় সভাস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ।স্থানীয় সূত্র জানায়, ঘটনার জেরে অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা গেছে।এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্স দাবি করেছে, আওয়ামী লীগের কিছু কর্মী পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।