বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) এ দুটি আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান। আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। আধুনিক যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সেনাপ্রধান ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোরের সদস্যদের নির্দেশনা দেন। পরে তিনি এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন এবং সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।আরও পড়ুন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীএদিকে ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি কোরের বর্তমান ও সাবেক সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশ ও সেনাবাহিনীতে কোরের অবদান ও অর্জনের কথা তুলে ধরেন। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।