দীর্ঘ পাঁচ বছর পর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। আজ মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে ঐতিহ্যবাহী এই ভেন্যুতে আবারও শুরু হচ্ছে ক্লাব ফুটবলের লড়াই। বেলা আড়াইটায় প্রত্যাবর্তনের ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে আর কোনো ঘরোয়া ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সংস্কারকাজের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল মাঠটি। সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের অপেক্ষা ছিল। আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, বাদ ৬ ক্রিকেটারজাতীয় দলের খেলার কারণে এক মাস বিরতির পর আবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ। আজ এক দিনেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে ফর্টিস-রহমতগঞ্জ ম্যাচের পাশাপাশি মুন্সিগঞ্জে আবাহনী খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। মানিকগঞ্জে চট্টগ্রাম সিটি মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। ‘এ’ গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে চট্টগ্রাম সিটি। এক ম্যাচে এক ড্রয়ে ফর্টিসের পয়েন্ট এক।জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলোয়াড়েরাও। রহমতগঞ্জের ফরোয়ার্ড রফিকুল ইসলাম বলেন, এই মাঠে নিয়মিত ঘরোয়া ফুটবল হলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকেরাও ম্যাচ উপভোগ করতে পারবেন।আরও পড়ুন,ক্রিকেটের সরঞ্জাম ব্যবহারে নিয়ম কঠোর করছে আইসিসি ফর্টিসের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের মতে, জাতীয় স্টেডিয়ামের মতো আন্তর্জাতিক মানের মাঠে খেললে খেলোয়াড়দের জন্য ভালো হয় এবং চোটে পড়ার ঝুঁকিও কমে। জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সূচি অনুযায়ী ফেডারেশন কাপের গ্রুপ পর্বের আরও ছয়টি ম্যাচ এখানে হওয়ার কথা। এ ছাড়া লিগ ও ফেডারেশন কাপের নকআউট পর্বের কয়েকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। জাতীয় দলের ব্যস্ততা শেষে এবার ক্লাবের জার্সিতে মাঠে নামবেন ফুটবলাররা। পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন তাই দেশের ফুটবলে নতুন করে আশার উপলক্ষ হয়ে উঠেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।