আগৈলঝাড়া ‘ক্রসফায়ার’ হত্যা: হাসিনার ফুফাতো ভাই হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ‘ক্রসফায়ার’ নাটক সাজিয়ে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে আগামী ১৭ জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।মামলায় গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক এএসআই মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন।আরও পড়ুন , লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, আদালতে কড়া নিরাপত্তাঅন্যদিকে সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন।নিহত টিপু হাওলাদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় পরিকল্পিতভাবে তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হয়। পরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর আগৈলঝাড়া বাইপাস সড়কে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়।আদালতে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে অব্যাহতি চাইলেও ট্রাইব্যুনাল তা নাকচ করে বিচার শুরুর আদেশ দেন।আরও পড়ুন , ঢাকায় তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি