লামা বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’, তীব্র প্রতিবাদ
লামা বন বিভাগের বন সংরক্ষক (ডিএফও) মুস্তাফিজুর রহমান ও ফরেস্টার রনি পারভেজের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা।এক প্রতিবাদে মুস্তাফিজুর রহমান ও রনি পারভেজ বলেন, কিছু সুবিধাবাদী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছেন। প্রকাশিত সংবাদের অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তারা।বন কর্মকর্তা বলেন, সরকারি বিধিবিধান ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুসরণ করেই তারা দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে তারা জড়িত নন।আরও পড়ুন, পাঁচবিবিতে ৩৯ পিস নেশাজাতীয় অ্যাম্পলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারবন কর্মকর্তারা আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। কিন্তু তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান ও পেশাগত ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।তাদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুস্তাফিজুর রহমান ও রনি পারভেজ বলেন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তাদের মানহানি করার যে কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারা প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।