পতিত আওয়ামী লীগের পলাতক নেতারা পার্শ্ববর্তী দেশের মদদে পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষা জনগণ আর সফল হতে দেবে না। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পতিত ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তাদের সেই প্রচেষ্টা সফল হতে দেবে না। জনগণ শেখ হাসিনাকে আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৭ বছর দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এখন আবার পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের সহায়তায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। ক্ষমতায় ফিরলে তারা আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করবে বলে দাবি করেন তিনি। আরও পড়ুন,জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করার মাধ্যমেই কেবল জাতীয় ঐক্য সম্ভবরিজভীর অভিযোগ, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবনযাপন করবেন, আর সেই অর্থের জোগান দিতে দেশে আবারও গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করবেন। তবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না বলে মন্তব্য করেন তিনি। রিজভী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে এবং বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের সংগ্রামী শক্তিকে পরনির্ভরশীল করার অপচেষ্টা প্রতিহত করতে হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।