দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বকাপে বিরল রেকর্ডে একসঙ্গে মেসি-রোনালদো

ফুটবল ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—এই দুই নাম যেন এক অনন্ত প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক মঞ্চ, প্রায় দুই দশক ধরে বিশ্বের কোটি ভক্তকে তারা উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। এবার সেই দুই মহাতারকা বিশ্বকাপের মঞ্চে গড়লেন আরেকটি বিরল রেকর্ড—যেখানে তারা পাশাপাশি।বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধানের রেকর্ড এখন যৌথভাবে ধরে রেখেছেন মেসি ও রোনালদো। দুজনের ক্ষেত্রেই এই ব্যবধান দাঁড়িয়েছে ২০ বছর ১১ দিন।ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন ২০০৬ সালের ১৭ জুন, ইরানের বিপক্ষে ম্যাচে। এরপর দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতা ধরে রেখে তিনি উজবেকিস্তানের বিপক্ষে গোল করে সেই ব্যবধানকে নিয়ে যান ২০ বছর ১১ দিনে।অন্যদিকে, লিওনেল মেসি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেয়েছিলেন ২০০৬ সালের ১৬ জুন, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। পরে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনিও ছুঁয়ে ফেলেন একই রেকর্ড—প্রথম ও সর্বশেষ বিশ্বকাপ গোলের ব্যবধান ২০ বছর ১১ দিন।আরও  পড়ুন, মায়ামিতে স্কটল্যান্ড সমর্থকদের দখল, ব্রাজিল ম্যাচের আগেই ‘বিশ্বকাপ পার্টি জোনশুধু এখানেই শেষ নয়। বিশ্বকাপে নিজ দেশের হয়ে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলারদের বিশেষ তালিকাতেও এখন জায়গা করে নিয়েছেন এই দুই কিংবদন্তি। এতদিন এই অনন্য অর্জনে একমাত্র নাম ছিল ডেনমার্কের কিংবদন্তি মাইকেল লাউড্রপ। এবার সেখানে যুক্ত হলো মেসি ও রোনালদোর নামও।আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। আর তার সর্বশেষ গোলের সময় বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। অন্যদিকে, পর্তুগালের হয়ে রোনালদো প্রথম গোল করেন ২১ বছর ১৩২ দিন বয়সে এবং সর্বশেষ গোলের সময় তার বয়স ছিল ৪১ বছর ১৩৮ দিন।একসময় মাঠের লড়াইয়ে মুখোমুখি থাকা এই দুই মহাতারকা এখন রেকর্ডের পাতায়ও পাশাপাশি। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেদের ধরে রাখার এই কীর্তি ফুটবল ইতিহাসে বিশেষভাবেই স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্বকাপে বিরল রেকর্ডে একসঙ্গে মেসি-রোনালদো