প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে গোলবন্যা ছুটিয়েছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় তুলে নেয়।ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজের পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুইরা রাজাক। তবে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো।অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালো। পাঁচ মিনিট পর জাতীয় দলে অভিষেকেই গোল করেন তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি।প্রথমার্ধের শেষদিকে আরও দুটি গোল করে আর্জেন্টিনা। আরও পড়ুন, প্রথমবার ভারতের মাটিতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে দুই দল৩৪ মিনিটে নিকোলাস পাজ এবং ৩৬ মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করলে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। পরিবর্তিত খেলোয়াড়দের নিয়েও আক্রমণের ধার কমেনি। ৫৬ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।শেষদিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা। বুরকিনা ফাসো পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ তা সামলে নেয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও গুরুত্বপূর্ণ একটি শট প্রতিহত করেন।যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে হেডে গোল করেন গুলিয়ানো সিমিওনে। এতে ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।