গাজীপুরের ৩৫ কেজির ‘মহাকাঁঠাল’ নজর কাড়ল ফল মেলায়, রপ্তানির সম্ভাবনায় নতুন আশার আলো
গাজীপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের যৌথ আয়োজনে ‘ফল মেলা-২০২৬’ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।এবারের ফল মেলায় ৩৪ প্রকারের দেশীয় ফল প্রদর্শন করা হয়। মেলার প্রধান আকর্ষণ ছিল গাজীপুরের ঐতিহ্যবাহী ৩৫ কেজি ওজনের একটি বিশাল কাঁঠাল, যা ভিডিও কনফারেন্সে মন্ত্রীকে প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক জানান, গাজীপুরের কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কাঁঠালের বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা হলেও সঠিকভাবে প্রক্রিয়াজাত ও বাজারজাত করা গেলে এর বাজার ২ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে।জেলা প্রশাসক কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য মন্ত্রীর সহযোগিতা কামনা করলে তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে দেশব্যাপী কাঁঠালের প্রচারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বিশাল আকারের কাঁঠাল দেখে তিনি গাজীপুরের বাম্পার উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন এবং কাঁঠালের বহুমুখী ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।আরও পড়ুন , আখাউড়ায় ব্রাজিলের পতাকার রঙে সাজানো বাড়ি, বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রাঅনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, “ফল মেলা অত্যন্ত দরকারি একটি আয়োজন। এর মাধ্যমে মানুষ দেশীয় ফলের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পায় এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে ফলভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগও সৃষ্টি হয়।”তিনি আরও বলেন, “আমাদের স্বদেশীয় ফুল, ফল ও গাছপালাকে সংরক্ষণ করতে হবে। নিজেদের শেকড় ও ঐতিহ্য ধরে রাখতে এসব সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”জানা গেছে, চলতি মৌসুমে গাজীপুর জেলায় ৯ হাজার ১২৫ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ আবদুল্লাহ আল ফারুক এবং অতিরিক্ত উপপরিচালক আব্দুল মতিন বিশ্বাস।এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ উন্নয়ন ও ফলদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী দিনে ৬০ জন প্রান্তিক কৃষকের মধ্যে উন্নত জাতের ৫টি ফলদ গাছের কলম চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি করে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) বিতরণ করা হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন, ফল মেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচি গাজীপুরে ফল চাষ সম্প্রসারণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।